যথাযথ মর্যাদায় চট্টগ্রামে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ।
বুধবার সকাল থেকেই নগরের নিউমার্কেট এলাকার রেলওয়ে স্টেশন কম্পাউন্ডে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে মানুষের ঢল নামে। হাতে ফুল নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে প্রথম পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ভূমি ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন, বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ছাত্র সংগঠন, শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা এবং সাধারণ মানুষ সারিবদ্ধভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নগরের আগ্রাবাদ থেকে দুই সন্তানকে নিয়ে শ্রদ্ধা জানাতে আসা শাহেদা বেগম বলেন, আজকের এই দিনটি আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছে। যে তরুণদের তাজা রক্তের বিনিময়ে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি, তাদের ঋণ কোনো দিন শোধ করা যাবে না। সন্তানদের নিয়ে এসেছি, যেন তারা এই ইতিহাস ও ত্যাগের মূল্য বুঝতে পারে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে।
স্বৈরাচার পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দুপুর ১২টায় লালদিঘি ময়দানে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাব তিন দিনব্যাপী কর্মসূচির সূচনা করেছে। প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগেও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জুলাইয়ের চেতনা ধারণের অঙ্গীকারের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন চট্টগ্রামের মানুষ।
এদিকে বিকেল ৫টা ১৫ মিনিটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে লালদিঘি ময়দানে ‘চব্বিশের জুলাই বিপ্লব’-এর বার্ষিকী উপলক্ষে জুলাইয়ের গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


