বিদেশে কর্মসংস্থান প্রত্যাশীদের জন্য ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনে জামানতবিহীন ঋণ চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।
এই ঋণের মাধ্যমে বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা ও কারিগরি সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
ব্যাংক জানায়, ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি হিসেবে পরিশোধ করা হবে এবং বিদেশে অবস্থানকালে থাকা-খাওয়ার ব্যয়ের জন্যও অর্থ দেওয়া হবে।
বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানিগামী শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে এই সুবিধা পাওয়া যাবে। আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে এবং তাকে সংশ্লিষ্ট শাখার স্থানীয় বাসিন্দা হতে হবে।
এ ছাড়া নির্দিষ্ট দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের অফার লেটার এবং ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষাশিক্ষার সনদ জমা দিতে হবে। জাপানের ক্ষেত্রে এন-৫ এবং দক্ষিণ কোরিয়ার জন্য টপিক লেভেল ৩ সনদ প্রয়োজন বলে জানানো হয়েছে।
আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জামিনদার সংক্রান্ত নথি জমা দিতে হবে।
ঋণের বার্ষিক সুদের হার ১১ শতাংশ এবং মেয়াদ সর্বোচ্চ তিন বছর নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের নিকটস্থ শাখা অথবা হেল্পলাইন ১৬২৩৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাংকের ওয়েবসাইট থেকেও তথ্য জানা যাবে।


