খুলনা-সাতক্ষীরা মহাসড়কে তেলবাহী পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে বৃষ্টির মধ্যে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাইকগাছা উপজেলার সনাতনকাঠি গ্রামের শেখ ওবায়দুল হকের ছেলে অটোরিকশাচালক শেখ দিদারুল হক (৩০) ও বাড়ৈপাড়া এলাকার বিনোধর হোরের ছেলে যাত্রী তাপস হোর ওরফে সুনু হোর (৬০)। আহত তিনজনের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সয়াবিন তেলবোঝাই একটি পিকআপ সাতক্ষীরা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকের হাত ভেঙে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা আরেকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত যানটিকে ধাক্কা দিলে যাত্রীরা ছিটকে পড়েন। সংঘর্ষে পিকআপটি উলটে তেলের ড্রাম চালক দিদারুল ও যাত্রী তাপসের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ‘পিকআপ ও ক্ষতিগ্রস্ত অটোরিকশা জব্দ করা হয়েছে। পিকআপ চালক ও হেলপার পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


