কোটি টাকা আত্মসাৎ: নাবিল ইউসুফ রাফির রিমান্ড

কোটি টাকা আত্মসাৎ: নাবিল ইউসুফ রাফির রিমান্ড
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

শিক্ষার্থী ভিসায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার নাবিল ইউসুফ রাফির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ।

বুধবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকা থেকে নাবিল ইউসুফ রাফিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাতভাইয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, আসামি নাবিল ইউসুফ শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চক্রটির কার্যক্রম, অর্থ আত্মসাতের কৌশল, জড়িত অন্যান্য সদস্যদের পরিচয় এবং আত্মসাৎ করা অর্থের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। পাশাপাশি ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা নির্ধারণ ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ‘ভিসাগাইড’ নামের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাদী যারীন তাসনীমসহ একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন।

অভিযুক্তরা মোট ৩৬ জন শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। অর্থ গ্রহণের পর শিক্ষার্থীদের চেক ও রসিদ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাউকে বিদেশে পাঠানো হয়নি এবং অর্থও ফেরত দেওয়া হয়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৫ জুলাই ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে দেখতে পান, তাদের না জানিয়েই অফিস অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পরে এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়।

পুলিশ বলছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা এবং আত্মসাৎ হওয়া অর্থের সন্ধানসহ মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad