পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নির্মল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মচারীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণে সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন মো. সবুজ খান, কবির হোসেন, কে এম জাহিদুল ইসলাম, কাজী শাকিল, নুর আলাম, রতন প্রামাণিক, সুজন। তাদের নেতৃত্বে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। কর্মচারীদের এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’
তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও এলজিইডি গুরুত্ব দিয়ে কাজ করছে। একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ‘আজকের একটি গাছ আগামী দিনের নির্মল বাতাস ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা। তাই বৃক্ষরোপণকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।’
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এলজিইডির কর্মচারীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানের সবুজ ও নান্দনিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।


