কক্সবাজারের রামুতে ট্রেন দুর্ঘটনায় মো. আবদুল্লাহ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের বাসিন্দা।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে বাড়ি থেকে স্থানীয় স্টেশনে নাস্তা আনতে বের হন আবদুল্লাহ। নাস্তা নিয়ে ফেরার পথে তিনি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, ‘ট্রেনের ধাক্কায় আবদুল্লাহর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ রেললাইনের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল রামু থানার আওতাধীন হলেও মরদেহের আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে রেলওয়ে পুলিশ। বিষয়টি রেলওয়ে পুলিশের সংশ্লিষ্টদের জানানো হয়েছে।’
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


