কক্সবাজারে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও সামুদ্রিক মাছসহ ১৮ জন জেলে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শনিবার রাত ৯টায় কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক কক্সবাজার সমুদ্র এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এলাকা হতে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দ করা বোট তল্লাশি করে প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে কক্সবাজার সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এর উপস্থিতিতে জব্দ করা আর্টিসানাল ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং মালিক পক্ষ হতে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।
জব্দ সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে জরিমানা করা টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’


