আমদানিতে দেওয়া আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে যুক্ত হবে

আমদানিতে দেওয়া আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে যুক্ত হবে
জাতীয় রাজস্ব ভবন (এনবিআর) | ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া
Advertisement
Advertisement

আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে করদাতারই-রিটার্নে ক্রেডিট দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার থেকে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে কাস্টম্‌সের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড প্ল্যাটফর্মের কার্যকর সংযোগ চালু হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এতে আমদানির সময় দেওয়া অগ্রিম আয়করের ক্রেডিট পেতে করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে জানিয়েছে সরকারি এ সংস্থাটি।

এনবিআর জানিয়েছে, ই-রিটার্ন দাখিলের সময় আমদানিকারক করদাতা ব্যবসা আয় সংক্রান্ত তথ্য এন্ট্রি দিলে সংশ্লিষ্ট আয় বছরে প্রতিটি বিল অব এন্ট্রির বিপরীতে পরিশোধিত অগ্রিম আয়করের তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে।

ওই আয়কর মোট প্রদেয় কর থেকে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়ে রিটার্নে পরিশোধযোগ্য অঙ্ক নির্ধারিত হবে। ফলে আমদানিকারকদের জন্য রিটার্ন দাখিল আরও সহজ হবে।

আরও পড়ুন

এর আগে, গতবছরের আগস্ট মাসে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্‌বোধন করা হয়।

এনবিআরের তথ্যমতে, উদ্‌বোধনের পর থেকে এখন পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।

এনবিআর আরও জানিয়েছে, যাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারাও স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করছেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন।

এ পর্যন্ত প্রায় চার হাজার প্রবাসী করদাতা ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন অনলাইনে জমা দিয়েছেন।

ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হয় না বলে জানিয়েছে এনবিআর। ব্যক্তি করদাতারা যেন ঘরে বসেই সহজে আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারেন, সে লক্ষ্যে ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ চলছে।

আগামী ৩১ জানুয়ারির মধ্যে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সকল ব্যক্তি করদাতাকে অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad