কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ দলটির কয়েকজন হেভিওয়েট নেতা ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হবে।
রোববার এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি বলেন, দীর্ঘ তদন্ত শেষে আওয়ামী লীগ সরকারের কয়েকজন সাবেক এমপি-মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। প্রতিবেদনগুলো যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হয়েছে। তামিম বলেন, চিফ প্রসিকিউটরের অনুমতি সাপেক্ষে শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হবে।
এ তালিকায় রয়েছেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী দীপু মনি। প্রসিকিউশন জানিয়েছে, এ তালিকায় আরও কয়েকজন রয়েছেন। তাদের সবাই বর্তমানে কারাগারে আছেন।


