অনলাইনে জুয়া ও প্রতারণা, কিশোরগঞ্জে আটক ২১

অনলাইনে জুয়া ও প্রতারণা, কিশোরগঞ্জে আটক ২১
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কিশোরগঞ্জে অনলাইনে জুয়া খেলা ও প্রতারণার অভিযোগে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের মোবাইল ফোনে থাকা অ্যাপ ও আর্থিক লেনদেনের তথ্য যাচাই করছে পুলিশ।

রোববার বিকালে কিশোরগঞ্জ মডেল থানা চত্বরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানান। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে জেলা শহর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার বলেন, বিভিন্ন লোভনীয় অফারের মাধ্যমে পরিচালিত কিছু অ্যাপ ব্যবহার করে অদৃশ্যভাবে অনলাইনে জুয়া ও প্রতারণা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তরুণরা নিজেরাও বুঝতে পারে না যে তারা প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়ছে, অভিভাবকরাও বিষয়টি টের পান না।

তিনি আরও বলেন, এসব অ্যাপে ১০০ টাকা দিয়ে ১০ পয়েন্ট কিনে ১ হাজার টাকা আয়ের প্রলোভন দেখানো হয়। এভাবে তরুণদের যুক্ত করে একটি চক্র গড়ে তোলা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধ করতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিদের অ্যাপ ও লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। নির্দোষ প্রমাণিত হলে ছেড়ে দেওয়া হবে, আর অপরাধে জড়িতদের বিরুদ্ধে জুয়া ও প্রতারণা সংক্রান্ত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad