সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে দেশের জনগণ আস্থায় রাখবে আর বহিঃশক্তি সমীহ করবে।
রোববার সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে অনুষ্ঠিত এ দরবার অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম ও তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। দেশের সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের চূড়ান্ত দায়িত্ব।
পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস না করে সশস্ত্র বাহিনীকে সব সময় সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে দেশপ্রেমের যে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিলেন, তা যেন কখনো নিভে না যায়।


