বিশ্বে সাংবাদিকদের সবচেয়ে বড় হত্যাকারী ইসরায়েল–এমন মন্তব্য করেছেন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা জোডি গিন্সবার্গ। তিনি বলেছেন, ‘বিশ্বে সাংবাদিক হত্যার সবচেয়ে বড় দায় এখন ইসরায়েলের ওপর বর্তায়।’
তার জানান, ১৯৯২ সালে সংস্থাটি সাংবাদিক মৃত্যুর তথ্য নথিভুক্ত করা শুরু করার পর থেকে ইসরায়েলই সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা করেছে।
তিনি বলেন, ‘বুধবার আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহকে হত্যা করা ইসরায়েলি ড্রোন হামলাটি “দুর্ভাগ্যবশত, ইসরায়েলের হাতে একজন সাংবাদিককে লক্ষ্য করে চালানো আরেকটি হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়”।’

গিন্সবার্গ বলেন, ‘এটি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ক্রমাগত দেখে আসছি।’ তিনি উল্লেখ করেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ২৬০ জনেরও বেশি সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন।
তিনি আল জাজিরাকে বলেন, ‘এটি ইসরায়েলকে ১৯৯২ সালে সিপিজে মৃত্যুর তথ্য নথিভুক্ত করা শুরু করার পর থেকে সাংবাদিকদের সবচেয়ে বড় হত্যাকারীতে পরিণত করেছে। এটি বিশ্বের অন্য যে কোনো সরকার বা অন্য যে কোনো সামরিক বাহিনীর চেয়ে বেশি সাংবাদিক হত্যা করেছে।’
গিন্সবার্গ জোর দিয়ে বলেন, সাংবাদিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধের শামিল। তিনি বলেন, ‘সাংবাদিকরা বেসামরিক নাগরিক এবং যুদ্ধে তাদের কখনো লক্ষ্যবস্তু করা উচিত নয়।’

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডগুলো ‘একটি নির্দিষ্ট কৌশলের অংশ, যার মাধ্যমে ইসরায়েল গাজার ভেতরে কী ঘটছে, সে সম্পর্কে গাজার বাইরের বিশ্ব কী তথ্য পাচ্ছে, তা নিয়ন্ত্রণ করতে চায়।’
বুধবার ভোরের দিকে গাজা শহরের প্রধান সড়কে মোহাম্মদ উইশাহ ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন।
একই দিন আল জাজিরা তাদের এক প্রতিবেদনে উইশাহের নিহত হওয়ার খবর নিশ্চিত করে।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ২৬২ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।


