মালয়েশিয়া থেকে প্রায় ৫১ হাজার অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে দুটি জাহাজ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকেটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ আগামী ৮ এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। একই দিনে প্রায় ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে বহির্নোঙ্গরে পৌঁছাবে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের অপর একটি জাহাজ।
বিপিসি কর্মকর্তারা জানান, বিশ্ব পরিস্থিতির নানা জটিলতা থাকা সত্ত্বেও দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমদানি কার্যক্রম কোনো বিরতি ছাড়াই চালু রাখা হয়েছে। জাহাজগুলো বন্দরে পৌঁছানোর পর দ্রুত খালাস প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে।
অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, গত ৫ এপ্রিল এলএনজি ও এলপিজি বহনকারী আরও দুটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ নামক জাহাজটি বন্দরের সারলি এলাকায় অবস্থান করছে। এছাড়া নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা জাহাজ ‘কুল ভয়েজার’ মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে নোঙর করেছে।


