বাংলাদেশে জলবায়ু অর্থায়ন বাড়ানো এবং ‘গ্রিন বন্ড’ বাজার গড়ে তুলতে সিটি ব্যাংক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর করেন সিটি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাশরুর আরেফিন এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
চুক্তির আওতায় সিটি ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম প্রথম গ্রিন বন্ড ইস্যুর উদ্যোগ নিচ্ছে, যা জলবায়ু অভিযোজন ও প্রশমনসংক্রান্ত প্রকল্পে অর্থায়ন করবে।
এই অংশীদারত্বের মাধ্যমে বন্ড ইস্যুর প্রস্তুতি পর্যায়ে কারিগরি সহায়তা দেবে ইউএনডিপি, পাশাপাশি আন্তর্জাতিক মান অনুযায়ী একটি শক্তিশালী গ্রিন বন্ড কাঠামো তৈরি করা হবে।
‘আমরা বর্তমানে একটি গ্রিন বন্ড ইস্যুর কাজ করছি, এবং এই অংশীদারত্ব টেকসই অর্থায়নের নতুন সুযোগ তৈরি করবে,’ বলেন সিটি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাশরুর আরেফিন।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ‘বাংলাদেশের জন্য নতুন জলবায়ু অর্থায়নের উৎস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই উদ্যোগ বৈশ্বিক অর্থায়ন ও স্থানীয় প্রয়োজনের মধ্যে সংযোগ তৈরি করবে।’
এই উদ্যোগ ভবিষ্যতে থিম্যাটিক বন্ড ইস্যুতে নতুন মানদণ্ড স্থাপন করবে এবং টেকসই অর্থায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


