মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো কথিত চিঠি আদালত অবমাননাকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ‘এ রকম চিঠি দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ‘আমাদের কাছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে কোনো চিঠি আসেনি। গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, এ রকম একটা চিঠি দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে যখন অনেক শক্তিশালী মানুষের বিচার চলছে, তখন এ রকম কিংসলে ফিংসলে নাম দিয়ে আমাদের সংবাদমাধ্যমকে বিভ্রান্ত করার চেষ্টা, আমার মনে হয়, এটা ভিত্তিহীন বিষয়।’
তিনি আরও বলেন, ‘ওই ল’ ফার্মের কোনো অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া গেলে, কোনো ব্যক্তি বা সংস্থার অস্তিত্ব পাওয়া গেলে, তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।’
তার দাবি, ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না। আমরা এগুলো নিয়ে উদ্বিগ্ন নই। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলবে। আমরা যারা প্রসিকিউশনে কাজ করছি, এগুলো নিয়ে আমাদের কথা বলা বা চিন্তা করার সময় নেই।’
জানা যায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে গত ৩০ মার্চ ই-মেইলে ট্রাইব্যুনালে চিঠি পাঠায় লন্ডনের একটি আইনি সেবাদানকারী প্রতিষ্ঠান। কিংসলে ন্যাপলি এলএলপি নামের এই প্রতিষ্ঠানটি এক চিঠিতে ট্রাইব্যুনালের এই কার্যক্রমকে বেআইনি এবং ন্যায়বিচারের পরিপন্থি হিসেবে আখ্যায়িত করে। প্রসিকিউশন অফিস কিংবা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ের কেউই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।


