পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে ঈদ আমাদের মাঝে আসে। রোজার মাধ্যমে মুসলমানরা অন্যায় ও পাপাচার থেকে বিরত থেকে আত্মশুদ্ধি অর্জন করে এবং উন্নত চারিত্রিক গুণাবলি গড়ে তোলে।
তিনি উল্লেখ করেন, ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়, যা সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে ঈদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রাষ্ট্রপতি বলেন, নানা ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পথচলা অব্যাহত রয়েছে। এ যাত্রায় ঈদের শিক্ষা নতুন উদ্যম ও প্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে উল্লেখ করে তিনি জানান, সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সমাজের সচ্ছল ও বিত্তবানদের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রপতি সবার জীবনে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক এবং দেশসহ বিশ্ববাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন।


