চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় কর্ণফুলী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বালুবাহী একটি ড্রেজারের সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শাহরিয়ার ফাহাদ (২১) সাতকানিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের বরলিয়া পাড়া এলাকার প্রবাসী ছৈয়দ মুসা বাদশার ছেলে। তিন ভাইবোনের মধ্যে তিনি বড় ছিলেন। জীবিকার তাগিদে তিনি চট্টগ্রাম নগরের টেরিবাজারে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের প্যান্টের পকেটে থাকা পাসপোর্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। ভাসতে ভাসতে মরদেহটি ড্রেজারের সঙ্গে আটকে পড়ে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


