পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের যাত্রা এবার অনেকটাই স্বস্তিদায়ক। যানবাহনের চাপ থাকলেও কোথাও দীর্ঘ যানজট না থাকায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। একই সঙ্গে পদ্মা সেতুতে বেড়েছে টোল আদায়। মাত্র ৩৩ ঘণ্টায় সংগ্রহ হয়েছে ৫ কোটি ৭০ লাখ টাকার বেশি।
বুধবার সকাল থেকেই ঢাকা-মাওয়া মহাসড়কে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। তবে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা কোনো ভোগান্তি ছাড়াই সেতু পার হচ্ছেন।
টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা বুথ চালু থাকায় দ্রুত টোল আদায় সম্ভব হচ্ছে। ফলে দীর্ঘ যানজট বা অপেক্ষা ছাড়াই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এতে সাধারণ যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন শেখ জানান, মুন্সিগঞ্জের মাওয়া দিয়ে পদ্মা সেতুতে প্রতি মিনিটে উঠছে ৪৫-৫০টি যানবাহন। সোমবার দিনগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ৩৩ ঘণ্টায় মাওয়া প্রান্ত হয়ে সেতুতে উঠেছে ৫১ হাজার ৪৩২টি যানবাহন। টোল আদায় হয়েছে ৫ কোটি ৭০ লাখ ১৪ হাজার ৫৫০ টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যানবাহনের চাপ আরও বৃদ্ধি পেতে পারে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেতু কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।
এদিকে মুন্সিগঞ্জের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের প্রায় ৫০০ সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


