আওয়ামী লীগ নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কার্যক্রম নিষিদ্ধ এই সংগঠনের যারা প্রকাশ্যে আসছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিং-এ মন্ত্রী এ কথা জানান।
এছাড়া জ্বালানি সংকটের কারণে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের কোথাও আলোকসজ্জা করা যাবে না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিফিং-এ স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, দেশ থেকে মব কালচার বিলুপ্ত হবে। মব বলে কিছু থাকবে না। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা স্বীকার করে তিনি বলেন, সব ঘটনাকে মবের সঙ্গে মেলানো ঠিক হবে না।
ঝিনাইদহে পেট্রল পাম্পে এক যুবক নিহতের ঘটনাকে স্পট ক্রাইম বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ প্রকাশ্যে আসা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি তেমনভাবে প্রকাশ্যে আসছে না। যারা প্রকাশ্যে আসছে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।


