১২ মার্চের মধ্যে ঈদ বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

১২ মার্চের মধ্যে ঈদ বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর
Advertisement
Advertisement

শ্রমিকদের বকেয়া বেতন সাত কর্মদিবসের মধ্যে এবং ঈদ বোনাস আগামী ১২ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)-এর ২৩তম সভায় তিনি এ নির্দেশনা দেন বলে পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন।

সভায় দেশের সামগ্রিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা, তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুরের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকপক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে যাতে জনভোগান্তি সৃষ্টি না হয়। কোনো প্রতিষ্ঠানে শ্রমিকদের কারণ ছাড়া লে-অফ বা ছাঁটাই করা যাবে না।

আরও পড়ুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী মালিক ও শ্রমিকপক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে ঈদের ছুটি নির্ধারণ করবেন বলেও জানান তিনি।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘দেশ ও বিশ্বের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে কোনোভাবেই শ্রমিক অসন্তোষ সৃষ্টি করা যাবে না। তাই বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ করতে হবে।’

সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ঈদুল ফিতর উপলক্ষে বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধের আহ্বান জানান। পাশাপাশি নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করার দাবি তোলেন তারা।

এ ছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন সভাপতি ফজলে শামীম এহসান এবং টিসিসি সহসভাপতি মো আনোয়ার হোসেন সভায় বক্তব্য দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর