হবিগঞ্জে সংসদ সদস্যের স্ত্রীর সভা: ইউএনও ও এসিল্যান্ড বদলি  

হবিগঞ্জে সংসদ সদস্যের স্ত্রীর সভা: ইউএনও ও এসিল্যান্ড বদলি  
প্রশাসনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির আসনে বসেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী। ছবি: টাইমস

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সংসদ সদস্যের স্ত্রীকে প্রশাসনের সভায় অতিথি করাকে কেন্দ্র করে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন দে ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলমকে বদলি করা হয়েছে।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ তানভীর হাসান রুমান রোববার এ আদেশে স্বাক্ষর করেন।

সরকারি আদেশে তাদের রদবদলের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের দাবি, বিতর্কিত ওই সভার জেরেই তাদের তাড়াহুড়া করে বদলি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ইউএনও লিটন দে-কে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং মাহবুবুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির আসনে বসেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া। সেখানে তিনি বক্তব্যও দেন। ওই সভার ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সিমি কিবরিয়ার দুই পাশে বসেছেন ইউএনও লিটন দে, এসিল্যান্ড মাহবুবুল আলম এবং ওসি সাইফুল ইসলাম।

সরকারি সভায় একজন জনপ্রতিনিধির পরিবারের সদস্যের এমন উপস্থিতি ও প্রধান অতিথির আসনে বসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর