লক্ষ্মীপুরে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের আবুলের গোজা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রাকিব হোসেন। তিনি সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে শাহী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মজুচৌধুরীর হাটের দিকে যাচ্ছিলো। এ সময় বাসের সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় আবুলের গোজা নামক স্থানে বাসের চাপায় পড়ে ঘটনাস্থলে মারা যান রাকিব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


