ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি নেতা মো. রাশেদ খানের সমর্থকদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ আহত হয়েছেন ১০ জন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ থানার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বিএনপির সংঘর্ষ ঠেকাতে গিয়ে পুলিশের এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও সেলিম আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালীগঞ্জ থানার সামনে অবস্থিত ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী রাশেদ খানের দলীয় কার্যালয়ে সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিটিং চলছিল। হঠাৎ করে তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এক পক্ষ ধাওয়া খেয়ে থানার ভিতরে ঢুকে পড়ে। সেখানেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গেলে ৩ পুলিশ সদস্যসহ আহত হয় ১০ জন।
মো. রাশেদ খান বলেন, ‘সকালে কালীগঞ্জ থানার সামনে বিএনপির দলীয় কার্যালয়ে আসি। সে সময়ে অফিসে আমার সঙ্গে দেখা করতে নেতাকর্মীরা আসেন। কথা বলতে বলতে এক পর্যায়ে কর্মীরা নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এরপর তাদের মধ্যে হঠাৎ করে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ থামাতে এলে পুলিশের সঙ্গেও কথা কাটাকাটি করে। আসলে কি নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয় আমি নিজেও বুঝতে পারছি না।’
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন বলেন, আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


