রংপুরের মেয়ে স্নিগ্ধা চৌধুরী ছোটবেলা থেকেই লুকিয়ে লুকিয়ে ফ্যাশন মডেলদের অনুসরণ করতেন, তাদের কাজ দেখতেন, খোঁজখবর রাখতেন। ২০১৮ সাল থেকে মডেল হিসেবে বিলবোর্ড ও র্যাম্প শোতে কাজ করছেন। দেশের বাইরেও বিভিন্ন ফ্যাশন শোতে অংশ নিয়ে সুনাম কুড়িয়েছেন। এবার রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাবে।
‘প্রেশার কুকার’-এ সুযোগ পাওয়ার গল্প জানাতে গিয়ে স্নিগ্ধা বলেন, দেড় বছর আগে রায়হান রাফী তাকে গল্প শোনান। সে সময় তিনি একটি অডিশনও দেন। পরে চূড়ান্তভাবে কাজ শুরু করার সিদ্ধান্ত হলে স্নিগ্ধা পরিবারসহ ওমরাহ পালনে ছিলেন। তখন পরিচালক মেসেজ দিয়ে জানান, চার নারী চরিত্রকে কেন্দ্র করে গল্প, তিনি আগ্রহী কি না? তিনি আনন্দের সঙ্গে সম্মতি জানান। এরপর টানা এক মাস পরিচালকের অফিসে গ্রুমিং করেন।
দেশের চারটি অঞ্চল থেকে স্বপ্ন নিয়ে ঢাকায় আসা চার তরুণীর জীবনের সংগ্রাম, নির্যাতন, ভালোবাসা, পেশাগত চ্যালেঞ্জ ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘প্রেশার কুকার’। স্নিগ্ধা বলেন, মফস্বল থেকে ঢাকায় আসা অনেক মেয়েই এই গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। তিনি সবসময় নারীর ক্ষমতায়নের পক্ষে। প্রথম চলচ্চিত্র হিসেবে এটি তার জন্য যেমন আনন্দের, তেমনি নারীকেন্দ্রিক গল্প হওয়ায় তিনি আরও গর্বিত।
স্নিগ্ধা বলেন, ‘এখানে প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই—এটা ভেবে খারাপ লাগছে না। বরং ভালো লাগছে, কারণ ঈদে মুক্তি পাচ্ছে এমন একটি ছবি, যেখানে অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। শুধু সৌন্দর্য নয়, চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে আমাকে পরিশ্রম করতে হয়েছে। পরিচালকের নির্দেশনা মেনে কাজ করেছি, বাকিটা দর্শক বলবেন। অন্যান্য ঈদে কেনাকাটা ও পোশাক নিয়ে যতটা উচ্ছ্বাস থাকত, এবার তার চেয়ে বেশি উত্তেজনা নিজের সিনেমা মুক্তি নিয়ে।’
চলচ্চিত্র নিয়ে স্নিগ্ধার স্বপ্নও কম নয়। তার মতে, দেশে নায়িকা সংকটের কথা প্রায়ই শোনা যায়। নতুন প্রজন্মের শিল্পীরা যদি নিয়মিত কাজ না করেন, তবে সেই সংকট দূর হবে না। সামনে আরও কয়েকটি চলচ্চিত্রের বিষয়ে আলোচনা চলছে; ‘প্রেশার কুকার’ মুক্তির পর সেগুলোতে মনোযোগ দেবেন তিনি।
ইমপ্রেস টেলিফিল্ম ও কাকন ফিল্মস প্রযোজিত ‘প্রেশার কুকার’-এ আরও অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্ত প্রমুখ। বর্তমানে চলচ্চিত্রটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।


