প্রথমার্ধের ধাক্কা সামলে কাই হাভার্টজের গোলে জার্মানি সমতায় ফিরলেও নির্ধারিত ৯০ মিনিটে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙা যায়নি। ফিফা বিশ্বকাপের হাই-ভোল্টেজ নকআউট ম্যাচটি নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতায় থাকায় খেলার ভাগ্য গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে।
ম্যাচের শুরু থেকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আক্রমণের পসরা সাজিয়ে প্যারাগুয়েকে চাপে রাখে। তবে লাতিন আমেরিকার দলটির নিখুঁত রক্ষণাত্মক কৌশল এবং প্রতি-আক্রমণ পরিকল্পনা শতভাগ সফল হয় ম্যাচের ৪২তম মিনিটে। একদম খেলার ধারার বিপরীতে গিয়ে দুর্দান্ত এক হেডে জার্মান কিপার ম্যানুয়েল নয়ারকে পরাস্ত করেন হুলিও এনসিসো।
এই গোলটি প্যারাগুয়ের ফুটবল ইতিহাসে এক রূপকথার জন্ম দিয়েছে। বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের আগের ৫টি ম্যাচে কোনো গোলই করতে পারেনি প্যারাগুয়ে। জার্মানির বিপক্ষে এনসিসোর এই গোলটি নকআউট পর্বে তাদের ইতিহাসের প্রথম গোল। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় জার্মানরা।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া জার্মানি আক্রমণের ধার আরও বাড়ায়। ম্যাচের ৫৪তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ফ্লোরিয়ান ভির্টসের নিখুঁত ক্রসে দারুণ এক ব্যাক হেডে প্যারাগুয়ের গোলকিপার ওর্লান্দো গিলকে বোকা বানান কাই হাভার্টজ। এই গোলের মাধ্যমে জার্মানির হয়ে ৬১ ম্যাচে ২৫তম গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্সেনালের এই ফরোয়ার্ড। একই সঙ্গে বিশ্বকাপে এটি তার পঞ্চম এবং চলতি আসরে তৃতীয় গোল।
সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৭৮তম মিনিটে আরও একবার এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল জার্মানি। তবে গোলমুখ থেকে হাভার্টজের নেওয়া দুর্দান্ত এক হেড শেষ মুহূর্তে অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন প্যারাগুয়ের কিপার ওর্লান্দো গিল।
হাভার্টজকে হতাশ করার পর ম্যাচের বাকিটা সময় নিজেদের রক্ষণভাগকে একদম নিরেট দুর্গে পরিণত করে প্যারাগুয়ে। জার্মানির একের পর এক আক্রমণ প্যারাগুয়ের ডিফেন্সে ধাক্কা খেয়ে ফিরে এলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। শেষ আটের টিকিটের জন্য ম্যাচ এখন অতিরিক্ত ৩০ মিনিটের স্নায়ুযুদ্ধে।


