বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার দুপুরে তারা প্রথমবারের মতো মন্ত্রণালয়ে যোগ দেন। এ উপলক্ষে সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের সহযোগিতা করতে এসেছি। একই সঙ্গে আপনাদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি। সম্মিলিত প্রচেষ্টায় মন্ত্রণালয়ের কার্যক্রম জনস্বার্থে আরও গতিশীল ও ফলপ্রসূ করা হবে। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার ওপর তিনি গুরুত্ব দেন।’
প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকারের ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করা হবে। তিনি বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে প্রয়োগ করা হবে। দেশের বিমানবন্দরগুলোকে লাভজনক ও আধুনিক করতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উপস্থাপনা দেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


