চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ খ্যাত নিহত সরোয়ার বাবলার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নগরীর বায়োজিদ লিংক রোডের একটি ভবনে মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) ও তার সহযোগী আবুল কালাম আজাদ (৬২)।
সুলতান ইকরাম নগরের মুরাদপুর এলাকার এবং আবুল কালাম আজাদ পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুলতান ইকরাম নিহত সরোয়ার বাবলার ঘনিষ্ঠ সহযোগী ছিল।
এ ছাড়া সে ‘সন্ত্রাসী’ ম্যাক্সন ও ফিরোজের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল বলে দাবি করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে পলাতক থেকে ইকরাম বায়োজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে ইন্টারনেট কল ও বিদেশি নম্বর ব্যবহার করে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন।
র্যাব আরও জানায়, একসময় ‘রিচ কিডস’ নামে আলোচিত একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন ইকরাম। পরিচয় গোপন রেখে তিনি বিভিন্ন সময় বিদেশ থেকে দেশে আসা-যাওয়া করতেন বলেও তদন্তে উঠে এসেছে।
অন্যদিকে, গ্রেপ্তার আবুল কালাম আজাদকে ইমতিয়াজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত করেছে র্যাব। তিনি ইকরামের চাঁদার টাকা তোলা এবং ব্যক্তিগত গাড়িচালকের দায়িত্ব পালন করতেন বলে জানানো হয়েছে।
সুলতান ইকরামের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস, ব্যবহার এবং সংশ্লিষ্ট অপরাধচক্রের বিস্তৃত নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।


