কুষ্টিয়া-১ আসনের হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক বিএনপি নেতাকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হোগলবাড়িয়া ইউনিয়নের বিএনপি সভাপতি আমজাদ হোসেনকে ভোটকেন্দ্রের ভেতর থেকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের একটি সূত্র জানিয়েছে, আমজাদ হোসেন ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে ভোটারদের কাছে সরাসরি ভোট চাইছিলেন। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে।
কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নাসিম বলেন, ‘নির্বাচনী আইন অমান্য করে কেন্দ্রের ভেতরে প্রচারণা চালানোর অভিযোগে আমজাদ হোসেনকে আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।’
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অনিন্দ্য গুহ জানিয়েছেন, আটক ওই বিএনপি নেতাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ভোটকেন্দ্রের পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক আছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।


