বিএনপি সবসময় নারী সমাজের সম্মান, অধিকার এবং ক্ষমতায়নে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
তিনি বলেন, ‘আজ যারা নারীদের বাইরে কাজ করা নিয়ে আপত্তিকর কথা বলছেন, তারা ভুলে যাচ্ছেন এই দেশের লাখো নারী পরিবারের ভরণপোষণের জন্য সম্মানের সঙ্গে বাইরে কাজ করছেন এবং এই সমাজকে এগিয়ে নিচ্ছেন। নারীদের ভোটের সময় সম্মান দেখিয়ে পরে তাদের নিয়ে কটূক্তি করা রাজনৈতিক ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য। নারীরা বিএনপিকে ভালোবাসেন, কারণ বিএনপি কখনো নারী সমাজকে অসম্মান করেনি।’
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে সেলিমা রহমান এসব কথা বলেন। নারীদের নিয়ে জামায়াত আমিরের ‘বিতর্কিত মন্তব্যের’ বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল।
সেলিমা রহমান বলেন, ‘সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। সেই নারী সমাজকে অবমূল্যায়ন করে কোনো দেশ কখনো উন্নত হতে পারে না। ধর্মের নামে একটি শ্রেণি নারী সমাজের মর্যাদা খর্ব করার চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আজকের এই কর্মসূচি কোনো প্রচলিত রাজনৈতিক প্রতিবাদ নয়, এটি একটি সামাজিক ও নৈতিক প্রতিবাদ। আজ নারী সমাজকে নিয়ে যে অবমাননাকর বক্তব্য ও নেতিবাচক মনোভাব প্রকাশ করা হচ্ছে, তার বিরুদ্ধেই এই প্রতিবাদ সমাবেশ।’
তিনি বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বপ্রথম নারীর সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। অথচ আজ আবার নারীকে পেছনে ঠেলে দিয়ে সমাজকে অন্ধকার যুগে ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে।’
সেলিমা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী সমাজকে শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, মা ও মাতৃভূমি সমানভাবে পবিত্র। সেই বিশ্বাস থেকেই তিনি নারী সমাজকে রাষ্ট্র গঠনের অংশীদার করেছিলেন। আর বিএনপির শাসনামলে গ্রামীণ নারীরা শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পেয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পেয়েছে। নারীরা সংসদ থেকে শুরু করে প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও বিভিন্ন পেশায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।’
তিনি বলেন, নারীরা শুধু পরিবারের সদস্য নয়, তারা এই দেশের সম্পদ। নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।
সমাবেশে অংশ নেন মহিলা দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।


