দেশের নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ, হয়রানিমুক্ত এবং জেন্ডার-সংবেদনশীল ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়েছে হাইকোর্ট।
একটি রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
রুল বিচারাধীন থাকাবস্থায় হাইকোর্টের রায়ের নির্দেশনার আলোকে যৌন হয়রানি বিরোধী নীতিমালা কার্যকর করতে বিসিবিকে নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের এক সদস্যের সঙ্গে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনায় বিসিবি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু এখনো প্রতিবেদন জমা হয়নি। একজন নারী ক্রিকেটারের সঙ্গে এ ধরনের যৌন নিপীড়নের ঘটনায় বিসিবির ভূমিকা নিয়ে সংক্ষুব্ধ স্পোর্টস শুটার সাবরিনা সুলতানা জনস্বার্থে হাইকোর্টে রিট করেন।
গত বছরের নভেম্বরে বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক এক সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম মঞ্জু, সহকারী কোচ মাহমুদ ইমন, ফিজিওসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন।


