‘একটি দলকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসানোর চেষ্টা হচ্ছে’

‘একটি দলকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসানোর চেষ্টা হচ্ছে’
নরসিংদীর সমাবেশে নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২০০৮ সালের মতো আবারও একটা দলকে ক্ষমতায় বসাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার নরসিংদীর ঘোড়াশাল পোস্ট অফিস মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্টের পরে দেশের প্রয়োজন ছিল আমূল সংস্কার। আমরা তিন আগস্ট জাতীয় শহীদ মিনারে ঘোষণা দিয়েছিলাম গণঅভ্যুত্থান বা বিপ্লব শুধু হাসিনা খেদানোর বিপ্লব নয় বরং ফ্যাসিস্ট হাসিনার তৈরি করার সিস্টেম পরিবর্তনের বিপ্লব।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের আগে তারা সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছিল কিন্তু এখন তারা নিজেরাই নিজেদের কথা রাখছে না। তারা নির্বাচিত হলে তাদের এইসব কথাও রাখবে না। ফ্যাসিস্ট হাসিনাও বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। বাংলাদেশের মানুষের দশ টাকা কেজি চাল খাওয়ানোর সুযোগ হয় নাই। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য খাতে সংস্কার করা। আমরা নির্বাচিত হলে এই খাতগুলোতে সংস্কার করব।’

নিজের বক্তব্যে বিএনপির নানা সমালোচনা করেন নাহিদ।

আরও পড়ুন

তিনি বলেন, ‘যারা বলছেন অভিজ্ঞতার কথা! গত ১৬ বছর আপনাদের অভিজ্ঞতার ব্যর্থতার জন্যই আমরা ফ্যাসিস্টের কাছে শোষিত হয়েছি। আপনারা এখন অবসরে যান। আমাদেরকে দেশ গঠন করার সুযোগ দেন। আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই।’

‘জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বলব, ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে ১১ দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বাংলাদেশ থেকে আধিপত্যবাদ শেষ হয়ে যায় নাই। আপনাদের সবাইকে বলব ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত করতে কাজ করতে হবে।’

এসময় এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা জানি নরসিংদী ও পলাশে নগরায়ন হচ্ছে অপরিকল্পিত। এই অপরিকল্পিত নগরায়নের ফলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। ১১ দলীয় ঐক্য জোট নির্বাচিত হলে পরিবেশ রক্ষা করে অগ্রাধিকারের ভিত্তিতে স্থানীয় মানুষকে চাকরির ব্যবস্থা করব।’

বাংলাদেশকে চাঁদাবাজ, দখলবাজমুক্ত করে গড়ে তুলতে চান জানিয়ে তিনি বলেন, ‘সংসদ নির্বাচনের পাশাপাশি গুরুত্বপূর্ণ গণভোটের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগে গণভোট হতো ক্ষমতা এবং ব্যক্তির স্বার্থে। কিন্তু এবারের গণভোট হবে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়ার গণভোট। যদি চাঁদাবাজ মুক্ত, দখলমুক্ত ও ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সরোয়ার তুষার বলেন, ‘আগামী ১২ তারিখের লড়াই হবে জুলুমের সঙ্গে ইনসাফের।’

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারী মনিরা শারমিন, যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলামসহ জাতীয় ও স্থানীয় নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad