মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অপহৃত ১৪ জেলে। তবে মুক্তিপণের টাকা দিতে না পারায় এখনো ছয় জেলেকে জিম্মি করে রাখা হয়েছে।
ফিরে আসা জেলেরা জানান, ‘ডন বাহিনী’ পরিচয়ে আট সদস্যের জলদস্যু দল মুক্তিপণের দাবিতে এসব জেলেদের জিম্মি করেছিল। দস্যুরা তাদের কাছ থেকে জনপ্রতি ২৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করেছে। মুক্তিপণ দিয়ে মঙ্গলবার বিভিন্ন সময়ে লোকালয়ে পৌঁছেছেন জেলেরা।
ফিরে আসা জেলেদের মধ্যে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ইব্রাহিম ৪০ হাজার, দিলীপ ৪০ হাজার, উজ্জ্বল ৪০ হাজার এবং আইয়ুব আলী, আশিকুর ও হাফিজুর ২৫ হাজার টাকা মুক্তিপণ দিয়েছেন বলে জানিয়েছেন।
জেলেদের অভিযোগ, মুন্সিগঞ্জের মৌখালী গ্রামের সফিকুল ওরফে ‘ভেটো সফিকুল’ এবং আটিরউপর গ্রামের শাহাজান এই দস্যু দলের নেতৃত্ব দিচ্ছেন। মুক্তিপণ কম দেওয়ায় রাজেত আলী নামের এক জেলেকে ছাড়া হয়নি। এছাড়া মীরগাং গ্রামের মুজিবুর ও হরিনগর গ্রামের নজরুল ইসলামসহ ছয় জেলে এখনো দস্যুদের জিম্মায় রয়েছেন।
স্থানীয়রা জানায়, গত ১৪ জানুয়ারি সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে এসব জেলে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। ২২ জানুয়ারি রাতে বন বিভাগের আওতাধীন মামুন্দো, চুনকুড়ি ও মালঞ্চ নদীসহ কলাগাছিয়া খাল থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে জলদস্যুরা। অপহরণের পর একটি বিকাশ নম্বর দিয়ে দস্যুরা মুক্তিপণের টাকা দাবি করে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, জলদস্যুদের হাতে অপহৃত ১৪ জেলে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন, এমন কোনো খবর তাদের এখনও কেউ জানাননি।


