কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঈদগাঁও উপজেলার জাগিরপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটকের পর সেনাবাহিনীর ইসলামাবাদ ক্যাম্প ইনচার্জ মেজর ইনতিসার সালিমের নেতৃত্বে একটি দল সোহেল জাহান চৌধুরীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে।
জানা গেছে, সোহেল জাহান চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা ও জুলাই বিপ্লব সংক্রান্ত মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলা রয়েছে। সরকার পতনের পরও তিনি কিছুদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গত বছরের শুরুর দিকে অনুপস্থিতির অভিযোগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেন।
সম্প্রতি তিনি নিজের বাড়িতে উঠান বৈঠকের মাধ্যমে কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সর্বশেষ গত ২৮ জানুয়ারি বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈদগাঁওয়ের পালপাড়া এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ধানের শীষের পক্ষে প্রচারে অংশ নেন। এর পরদিনই ভোরে তাকে আটক করা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, সেনাবাহিনী তাকে আটক করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


