দেশের বাজারে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একদিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ২ হাজার ৬২১ টাকা বাড়িয়েছে। ফলে স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৭৬ টাকা।
নতুন এই দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে বুধবার ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায়।
সন্ধ্যায় দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদার চাপ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার তিন টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ১ লাখ ৯১ হাজার ৯৮৬ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ভরি প্রতি ১ লাখ ৫৭ হাজার ২২৮ টাকা দরে।
এই দফায় বেড়েছে রুপার দামও।
২২ ক্যারেট রুপার ভরি প্রতি ৫ হাজার ৯৪৯ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৭১৫ টাকা এবং ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৮৯৯ টাকা দরে বিক্রি হবে। সনাতন মানের রুপার ভরি প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা।


