রাজধানীর উত্তরার পর এবার জিগাতলায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শুক্রবার দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এ তথ্য জানান।
তিনি বলেন, জিগাতলার বেড়িবাঁধ এলাকার চারতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এর আগে সকাল পৌনে ৮টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে ছয়জন নিহত হয়েছেন।


