কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক মা ও তার শিশু ছেলের ‘রহস্যজনক মৃত্যু’ হয়েছে।
রোববার দুপুরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে ৩২ বছর বয়সী ইসমত আরা এবং তার ছয় বছর বয়সী ছেলে আবরারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইসমত আরার বাবা আনচার উল্লাহ জানান, ইসমত দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রায় ছয় বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পরিবারের ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণে ইসমত প্রথমে তার ছেলেকে গলা টিপে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যা করেন।
তবে ইসমত আরার মাথায় গভীর ক্ষত ও মরদেহ রক্তাক্ত অবস্থায় পাওয়ায় স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।
অনেকের সন্দেহ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, ‘এটি হত্যা না আত্মহত্যা–তা ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না।’
প্রায় পাঁচ বছর আগে ইসমত আরার বড় ছেলে পুকুরে ডুবে মারা যায় বলে জানা গেছে।


