আবারও পেছাল প্রথম বিভাগ ক্রিকেট লিগ

আবারও পেছাল প্রথম বিভাগ ক্রিকেট লিগ
মিরপুরে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ (বাঁয়ে), সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন (মাঝে)। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

আবারও পিছিয়ে গেল প্রথম বিভাগ ক্রিকেট লিগ। চলতি মাসের ১১ তারিখ লিগ শুরুর কথা থাকলেও আগামী ১৪ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে ঢাকার এই লিগটি। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে আপত্তি থাকার কারণেই লিগ বর্জন করেছে ক্লাবগুলো। যদিও বুধবার দ্য ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দীপন জানিয়েছেন, মাঠ সংকটের কারণেই তিন দিন পিছিয়ে গেছে লিগ।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে বয়কট করে সব ধরনের ঘরোয়া লিগ বর্জন করেছে ৪৩টি ক্লাব। যদিও গত নভেম্বরের প্রথম সপ্তাহেই হয়ে গেছে দলবদল। এমনকি ১৮ নভেম্বর থেকে মাঠেও গড়ানোর কথা ছিল প্রথম বিভাগ লিগের। যদিও প্রথম বিভাগের ৮ ক্লাবের কেউই অংশ নেয়নি সেখানে। অবশ্য ক্লাবের কর্মকর্তাদের ডেকে মীমাংসার চেষ্টাও করেছিল বিসিবি। এমনকি ক্রিকেট ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশও (কোয়াব) চেষ্টা করেছিল সব ক্লাবের অংশগ্রহণ যেন নিশ্চিত হয়।

২০ দলের টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও এবার তাই ১২ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এ নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীপন বলেন, ‘১১ তারিখ থেকে আমাদের প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মাঠের একটু ঝামেলা হওয়ায় আগাম ১৪ তারিখ থেকে আমরা লিগ শুরু করছি। আজকের মধ্যেই আমরা সূচি প্রকাশ করব এবং চেষ্টা করা হচ্ছে উদ্বোধনী ম্যাচটা মিরপুর স্টেডিয়ামে করার জন্য।’

এর আগে ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের হয়ে কয়েক দফায় সংবাদ সম্মেলন করে লিগ বর্জনের কথা জানিয়েছে ক্লাবগুলো। তবে কেউই এখনো বিসিবি কিংবা সিসিডিএমকে আনুষ্ঠানিকভাবে লিগ বর্জনের কোনো চিঠি দেয়নি। সেই ধারাবাহিকতায় ২০ দলকে নিয়েই লিগের সূচি বানাচ্ছে টুর্নামেন্ট কমিটি। রাখা হচ্ছে লিগ বয়কট করা সূর্যতরুণ, ওরিয়েন্ট, আম্বার স্পোর্টিং, পারটেক্স স্পোর্টিং, কাকরাইল বয়েজ, খেলাঘর, কলাবাগান ও গাজী টায়ার্স ক্লাবকেও।

সূচি নিয়ে দীপন আরো বলেন, ‘প্রথমত এ ধরনের কোন চিঠি আমরা কোন ক্লাবের কাছ থেকে পাইনি। আমি কিন্তু বারবার বলছি আমরা ২০টা ক্লাবকে নিয়ে সূচি প্রকাশ করছি। বিসিবি কিংবা সিসিডিএম কারও কাছেই এমন কোন চিঠি আসেনি। মোহামেডান যেটা প্রতিবাদ করেছে সেটা কিন্তু সভাপতির কথার উপরে…তারা লিগ খেলবে কি খেলবে না এরকম কোন নেতিবাচক চিঠি আমরা পাইনি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad