বাস্তব ঘটনার অনুপ্রেরণায় ‘ট্রাইব্যুনাল’

বাস্তব ঘটনার অনুপ্রেরণায় ‘ট্রাইব্যুনাল’
ট্রাইব্যুনালের একটি দৃশ্যে তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পরিচালক রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ ধীরে ধীরে শেষের পথে। আগামী ঈদে মুক্তির টার্গেটে নির্মিত ছবিটির প্রায় তিন-চতুর্থাংশ শুটিং সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হয়।

পরিচালক রায়হান খান জানান, ২০১১ সালে চট্টগ্রামে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড থেকে অনুপ্রেরণা নিলেও ছবিটি সেই ঘটনার সরাসরি পুনর্নির্মাণ নয়। বরং বিচার, রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত স্বার্থের সংঘাতে যে নৈতিক ধূসরতা তৈরি হয়, সেটাই ‘ট্রাইব্যুনাল’-এর মূল অনুসন্ধান।

তিনি আরও জানান, ছবির গল্প ও উপস্থাপনা প্রচলিত বাংলাদেশি আদালতভিত্তিক সিনেমার ধারার বাইরে গিয়ে দর্শক ও চরিত্র—দু’পক্ষকেই প্রশ্নের মুখে ফেলবে।

ছবিতে লন্ডনে পড়াশোনা করা এক ব্যারিস্টারের ভূমিকায় অভিনয় করছেন নুসরাত ফারিয়া। অভিযুক্তের পক্ষে লড়াই করা এই আইনজীবী চরিত্রটিকে তিনি বর্ণনা করেন ধারালো বুদ্ধিসম্পন্ন, আত্মবিশ্বাসী ও কৌশলী হিসেবে—যার ওপরই এগিয়ে যাবে ছবির মূল কাহিনি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, সাবেরি আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আখতার জাহান, আদর আজাদ, শহীদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক বেপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।

আরও পড়ুন

মৌসুমী হামিদ জানান, গল্প শোনার পরই তিনি ছবিটিতে যুক্ত হতে আগ্রহী হন। তার ভাষায়, এমন কাহিনি তিনি আগে দেখেননি। ছবিতে তিনি ২৬ জন সাক্ষীর মামলায় একমাত্র প্রত্যক্ষদর্শীর ভূমিকায় অভিনয় করছেন, যা চরিত্রটিকে আলাদা আবেগ ও গুরুত্ব দেবে বলে মনে করেন তিনি।

প্রায় এক দশক পর চলচ্চিত্রে ফিরছেন তানিয়া বৃষ্টি। তিনি বলেন, রায়হান খানের প্রতি আস্থা এবং চিত্রনাট্যের শক্তিই তাকে এই চরিত্রে অভিনয়ে রাজি করেছে। দীর্ঘ বিরতির পর তিনি নতুন দায়িত্ববোধ নিয়ে চরিত্রটি নির্মাণ করেছেন বলেও জানান।

চিত্রগ্রাহক ও চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত রায়হান খান টেলিভিশন ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই কাজ করে যাচ্ছেন। ২০২১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার চিত্রনাট্যে নির্মিত ‘মৃধা বনাম মৃধা’। পাশাপাশি হইচই সিরিজ ‘দৌড়’ দিয়ে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

ঈদে মুক্তির প্রস্তুতি থাকলেও রায়হান খান স্পষ্ট করে বলেন, পোস্ট-প্রোডাকশনের কাজের গতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছবির মানের সঙ্গে কোনো আপস করতে তিনি প্রস্তুত নন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad