মৌলভীবাজারে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কুলাউড়ার উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত সুকিরাম উরাং (২৫) মুরইছড়া বস্তি এলাকার দাছনু উরাংয়ের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, এদিন বেলা দেড়টার দিকে সুকিরাম মুরইছড়া সীমান্তের কাছে গরু চরাচ্ছিলেন। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তার দিকে গুলি ছোড়ে। সেটি তার পিঠে লাগলে তিনি গুরুতর আহত হন।
পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, নিহত সুকিরাম মুরইছড়া চা বাগান এলাকার বাসিন্দা।
স্থানীয়রা প্রায় সীমান্ত এলাকায় কৃষিকাজ ও গরু চরাতে যায়। সম্ভবত এমন কাজ করতে গিয়ে সুকিরাম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


