একনেক: ১৭ প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা অনুমোদন

একনেক: ১৭ প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা অনুমোদন
একনেক সভায় ১৭ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ১৭টি উন্নয়ন প্রকল্পে মোট ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকার অনুমোদন দিয়েছে।

সোমবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার এবং কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের স্থায়ী আবাসন নিশ্চিত করতে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন করেছে একনেক।

‘১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পের আওতায় ঢাকার মিরপুর ৯ নং সেকশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থানের জন্য এক হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে।

‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২৪ এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থানের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে এই ফ্ল্যাটগুলো নির্মাণ করা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। সেগুলো হলো—শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্প এবং সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।

আরও পড়ুন

এ ছাড়া বাংলাদেশ সচিবালয়, পরিবহনপুল, মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ও সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান বৈদ্যুতিক-যান্ত্রিক ও অগ্নিসরঞ্জামাদির আধুনিকায়নের একটি প্রকল্পও অনুমোদন করা হয়েছে।

সেতু মন্ত্রণালয়ের প্রকল্প দুটি হলো- ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প লাইন ছয় (তৃতীয় সংশোধিত) এবং সিরাজগঞ্জ সড়ক বিভাগাধীন সিরাজগঞ্জ-রায়গঞ্জ (চান্দাইকোনা) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ।

কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো- ‘চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন’। মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ (২য় সংশোধিত) প্রকল্প।

বাকি প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘নারায়ণগঞ্জ সবুজ ও স্থিতিশীল নগর উন্নয়ন প্রকল্প (এনজিআরইউডিপি)’; সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধন)’।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় ‘ফলাফলের জন্য জলবায়ু প্রতিক্রিয়াশীল প্রজনন স্বাস্থ্য এবং জনসংখ্যা পরিষেবা উন্নয়ন এবং সিস্টেম শক্তিশালীকরণ প্রকল্প’ এবং ‘মুন্সীগঞ্জে অ্যাসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা (প্রথম সংশোধিত)’ সহ মোট তিনটি প্রকল্প রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ও কেন্দ্রীয় গবেষণাগার নির্মাণ কাজ সমাপ্তকরণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্প হলো, ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন পরিবেশ উন্নয়ন (প্রথম সংশোধিত)।

সভায় আরও ১৫টি প্রকল্প সম্পর্কে আলোচনা করেন উপদেষ্টারা। এসবের মধ্যে রয়েছে- বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন, তিন জেলার স্টেডিয়াম উন্নয়ন, ইমপ্যাক্ট কর্মসূচি, খুলনা পাবলিক কলেজের অবকাঠামো উন্নয়ন, নিউরো-উন্নয়ন একাডেমির তৃতীয় সংশোধন, তিন জেলার কলেজ অবকাঠামো উন্নয়ন, মুক্তাগাছায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম উন্নয়ন, বিয়াম ফাউন্ডেশনের আবাসন ভবন নির্মাণ, কক্সবাজার সীমান্ত নিরাপত্তা উন্নয়নে পোল্ডার সংস্কার, জবই বিল এলাকায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা, গাজীপুরে পল্লী অবকাঠামো উন্নয়ন, পার্বত্য চট্টগ্রাম সবুজায়ন, চাঁপাইনবাবগঞ্জ খাল পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসন এবং দিনাজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

সভায় প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

একনেক সভায় আরও উপস্থিত ছিলেন-পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন; খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার; সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদসহ অন্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad