রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন চান আমীর খসরু

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন চান আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া দেশের কোনো পরিবর্তন ও ভালো করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, যত সংস্কারই করা হোক, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে দেশ ভালোর দিকে এগোবে না। রাজনীতিতে সহনশীলতা থাকা জরুরি। মতের অমিল থাকতেই পারে, কিন্তু সম্মান দেখাতে হবে। দিনের শেষে গণতন্ত্র ছাড়া অন্য কোনো পথ নেই।

রোববার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফায় আগামীর রাষ্ট্র ভাবনা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান কোনো সাংঘর্ষিক রাজনীতি করতে চান না উল্লেখ করে তিনি বলেন, সাংঘর্ষিক রাজনীতিতে যাওয়া যাবে না। প্রতিপক্ষ যা-ই করুক, বিএনপি সংঘর্ষে যাবে না।

আরও পড়ুন

বক্তব্যে তিনি বলেন, দেশের শিক্ষা প্রায় ধ্বংস হয়ে গেছে। কর্মসংস্থানের চাহিদার সঙ্গে শিক্ষার সামঞ্জস্য নেই। সবাই ম্যাট্রিক, আইএ, বিএ, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার দিকে ছুটছে। কিন্তু দেশের ভোকেশনাল রিকোয়্যারমেন্টের দিকে কেউ মনোযোগ দিচ্ছে না।

চীনের উদাহরণ টেনে আমীর খসরু বলেন, চীনে স্কুল থেকেই ৬০ শতাংশ শিক্ষার্থী ভোকেশনাল স্কুলে যায়। তারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশিনিস্ট হয়ে বের হয় এবং দেশের অর্থনীতিকে টেনে নেয়। আমাদের দেশেও স্কিল ডেভেলপমেন্ট ছাড়া শিল্পে, আইটি সেক্টরে বা ফ্যাক্টরিতে চাকরি সৃষ্টি হবে না। তিনি আইটি খাতকে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, বিএনপির লক্ষ্য এক কোটি কর্মসংস্থান। বিএনপি ভোকেশনাল ট্রেনিং, আইটি ট্রেনিং এবং শিল্প খাতে বিনিয়োগ বাড়িয়ে এক কোটি কর্মসংস্থান তৈরি করতে চায়। ম্যাট্রিক, আইএ, বিএ পাস করা বিপুলসংখ্যক বেকার তরুণ-তরুণীকে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে কর্মজীবনে যুক্ত করা হবে।

আমীর খসরু বলেন, গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য বিএনপি সবার আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। রাজনৈতিক সহনশীলতা চর্চা করে যাচ্ছে। স্থিতিশীলতা ছাড়া কোনো উন্নয়ন বা কর্মসূচি সফল হবে না বলেও সতর্ক করে তিনি বলেন, এখন আর মেধা ছাড়া কোনো রাজনীতি চলবে না। বিএনপি নতুন প্রজন্মকে সামনে এনে নতুন এক রাজনৈতিক ধারার সূচনা করেছে। দলের নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, রাজনীতিকে নতুন প্রজন্মের চিন্তা, যুক্তি ও তথ্যের মানদণ্ডে নিজেদের সাজাতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad