বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। মূলত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস শেষ হলে দিনটি উদযাপন করা হয়।
আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বীনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে ভিক্ষুসংঘ আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমার দিনে ধ্যানব্রত ভাঙেন।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ফানুস ওড়ানোর পাশাপাশি বান্দরবানের মারমা সমাজ রথ টানা উৎসবের আয়োজন করে।
বান্দরবান জেলা কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির সদস্য নিংনিং মারমা জানান, সোমবার সন্ধ্যায় বান্দরবান পুরাতন রাজবাড়ি মাঠ থেকে রথ টেনে নিয়ে যাওয়া হবে রাজগুরু বৌদ্ধ বিহারে।
মঙ্গলবার বিকালে ওই রথ আবার বের করে বান্দরবান শহর প্রদক্ষিণ শেষে জল দেবতার উদ্দেশ্যে রাতে সাঙ্গু নদীর ঘাটে ভাসিয়ে দেওয়া হবে।
রথের যাত্রা পথে বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য পূজারীরা বিভিন্ন উপকরণ দান করবেন।


