ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধের ‘জটাচুল’ জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ময়মনসিংহ সদর এলাকা থেকে ওই অভিযুক্তকে আটক করা হয়। তার নাম মজনু মিয়া। তিনি সাধুপাড়া গ্রামের বাসিন্দা।
গত ৫ জুন তারাকান্দায় স্থানীয় কয়েকজন মুসল্লি হালিম উদ্দিন আকন্দ নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে জোর করে ধরে মাথার জটাচুল, দাড়ি ও গোঁফ কেটে দেন।
স্থানীয়রা জানান, হালিম উদ্দিন আকন্দ তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে ‘হালিম ফকির’ নামে চেনেন। তিনি কোনো মানসিক রোগী নন, বরং দীর্ঘ ৩৭ বছর ধরে চুল-দাড়ি না কেটে ফকিরি জীবন যাপন করে আসছেন। তিনি হজরত শাহজালাল (র.) ও শাহ্ পরানের (র.)-এর ভক্ত।
সম্প্রতি হালিম ফকিরকে হেনস্তার ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এরপর তার ছেলে শহীদ আকন্দ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে তারাকান্দা থানায় মামলা করেন।
ওই মামলায়ই অভিযুক্ত মজনু মিয়াকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।


