ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার ঘটনা ঘটে। শ্রমিকদের হামলায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য, সাংবাদিক ও শ্রমিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে চার সাংবাদিক ও দুটি টেলিভিশনের ক্যামেরাপারসন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে হেমায়েতপুর-সিংগাইর সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হয়। পরে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
এ সময় শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শ্রমিকদের হামলায় ওসি সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পরে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা অবরোধের পর সকাল ১০টা ৪০ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। এ সময় সড়কে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, কুটুরিয়া, জিরাবো ও জিরানিসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। নরসিংহপুরে শিল্প পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয়।
সাভার মডেল থানার ওসি (অপারেশন) আব্দুস সবুর বলেন, আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন দিয়েছেন। হামলায় ওসি সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শ্রমিক আন্দোলনের কারণে সাভার ও আশুলিয়ার অন্তত শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হেমায়েতপুরে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। বিজিবি সদস্যরা ঢাকা-আরিচা মহাসড়ক ও পোশাক কারখানাসংলগ্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন।
এদিকে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাসংলগ্ন এলাকা পরিদর্শন করেন ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মোরাদ ও ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী।


