আত্মসমর্পণ করা চরমপন্থীদের দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও আটটি ওয়াকিটকি সেট।
বুধবার সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ব্যাটালিয়নের মিডিয়া অফিসার পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য তুলে ধরা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর এসআরবি-১২ এর পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর দুপুরে সলঙ্গায় এসআরবি-১২ এর সদর দপ্তরে ‘নতুন পথে প্রত্যাবর্তন, চরমপন্থি সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলিম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান।
এসআরবি-১২ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ব্যাটালিয়নটি।


