চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএ-র শর্ত কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন বেলাল হোসেন।
বেলাল হোসেন বলেন, গতকাল রোববার ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হওয়ায় শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক ও বিজ্ঞান বিভাগের আবেদনের যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকার শর্ত ছিল।
অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএর শর্ত ছিল ৭.৫০।
তবে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিভাগের ক্ষেত্রেও আবেদনের যোগ্যতা শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক বেলাল হোসেন।
এদিকে আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ওই দিন বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি কার্যক্রম। পরদিন ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১২ নভেম্বর, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।


