চট্টগ্রাম নগরের খুলশী থানায় পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও অস্ত্রের মুখে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা বা বিহারী বগাসহ চারজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় অপর আট আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। আদালত ও থানা সূত্রে জানা গেছে, মামলার তদন্তের স্বার্থে ১২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশ।
শুনানি শেষে আদালত চার আসামির প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন ওয়াকিল হোসেন ওরফে বগা, রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ইম ও আবুল হাসান ওরফে কালা হাসান।
অন্যদিকে রিমান্ড আবেদন নামঞ্জুর হওয়া আট আসামি হলেন মো. রবিন, সাকিব হাসান, দেলোয়ার হোসেন জিসান, মো. শাকিল, মো. জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, সোহেল প্রকাশ ব্লেড সোহেল ও আবুল কাশেম।
এর আগে, বেলা ১২টার দিকে পর্যাপ্ত নিরাপত্তায় ওয়াকিল হোসেন ওরফে বগাসহ আসামিদের আদালতে হাজির করা হয়।
খুলশী থানায় করা মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর খুলশী থানা এলাকায় বগাকে ঘিরে পুলিশের সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলায় খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমসহ অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় ওসির সরকারি গাড়ি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ঘটনাস্থলের একটি ঘরে তল্লাশি চালিয়ে বগার পালিয়ে যাওয়ার জন্য তৈরি করা একটি সুড়ঙ্গপথের সন্ধান পায় পুলিশ।
এ ঘটনার পরদিন ৫ সেপ্টেম্বর খুলশী থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। এতে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়।
গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে খুলশী থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় বগা চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর ২৬ অক্টোবর আদালত তাকে জেলগেটে ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পরবর্তীতে ২৭ অক্টোবর পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার আরও দুটি মামলায় বগা ও তার ১২ সহযোগীর জামিন নামঞ্জুর করে পুনরায় কারাগারে রাখার আদেশ দেওয়া হয়।
বগা ইতোমধ্যেই চাঁদাবাজির মামলায় কারাগারে বন্দি থাকা অবস্থায় গত ২৯ অক্টোবর কিশোর মোহাম্মদ হৃদয় হত্যা মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, বগার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে।


