রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া গ্রামে। তার বাবার নাম মো. ইউসুফ আলী। তিনি শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আমিরুল মোটরসাইকেল চালিয়ে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ‘হানিফ পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি স্থানীয়দের সহায়তায় জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই এর চালক পালিয়ে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


