ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছে আদালত।
সোমবার এ-সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন।
এর আগে গত ১৯ অক্টোবর এক অফিস আদেশে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয়ের ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে এসব কমিটি বাতিল করা হয়েছে বলে ওই আদেশে উল্লেখ করা হয়।


