ভেনেজুয়েলায় অবস্থিত কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর একটি শিবিরে দেশটির সেনাবাহিনীর হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
রোববার একটি বেসরকারি সংস্থা (এনজিও) এবং অভিযানসংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
এনজিও ‘ফুন্ডারেদেস’-এর সমন্বয়ক হুয়ান ফ্রান্সিসকো গার্সিয়া এএফপিকে জানান, শুক্রবার ভেনেজুয়েলার সীমান্তবর্তী আপুরে রাজ্যে অবস্থানরত ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) বিদ্রোহীদের শিবিরে বোমা হামলা চালানো হয়।
এই হামলায় প্রথমে ‘নয়টি মরদেহ রাজ্যের রাজধানী সান ফার্নান্দোতে পৌঁছায়। পরে আরও ১০টি মরদেহ সেখানে নেওয়া হয়।’
ভেনেজুয়েলা ও কলম্বিয়ার দুই হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিস্তীর্ণ ও অরক্ষিত এলাকায় বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে মাদক পাচার, অবৈধ খনন ও চোরাচালানে জড়িত রয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে বিলুপ্ত ফার্ক বিদ্রোহী সংগঠনের বিচ্ছিন্নতাবাদী সদস্য এবং ইএলএনও সক্রিয় রয়েছে।
২০১৬ সালে বোগোতা সরকারের সঙ্গে ফার্ক গেরিলা বাহিনীর শান্তিচুক্তি স্বাক্ষরের পর থেকে ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে ইএলএন।
কলম্বিয়া সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ভেনেজুয়েলা কলম্বিয়ার এসব বিদ্রোহী গোষ্ঠীকে নিরাপদ আশ্রয় দিয়ে আসছে।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক বিশেষ অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ব্যাপক রাজনৈতিক চাপের মুখে রয়েছে ভেনেজুয়েলা।


